চকবাজারে খাজা মার্কেটের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরো চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা |ইউএনবি

ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, হাজী আবুল বাশার সুপার মার্কেট (খাজা মার্কেট) এলাকার আশিক টাওয়ারের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরো চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পথে তীব্র যানজটের কারণে ইউনিটগুলোর চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

তিনি আরো বলেন, মোট ছয়টি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সূত্র : ইউএনবি