বাংলা নববর্ষ-১৪৩৩ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার।
আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
এ সময় ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতি বছরের মতো এবারো পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে।
তিনি বলেন, আশা করা যাচ্ছে, বিগত বছরগুলোর চেয়ে এবারের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি হবে।
মো: সরওয়ার বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটবে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।
তিনি বলেন, এই বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছি। গোয়েন্দা সংস্থাসহ সকল নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে আমরা এবার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছি। সেই সাথে একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নে আমরা কাজ করছি, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়।
তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।



