বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মিডিয়া সেল ও অনলাইন নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৬০ লাখের বেশি সদস্যের এ বাহিনীর কার্যক্রম জনগণের কাছে তুলে ধরা, নির্ভুল তথ্য প্রচার এবং গুজব-অপপ্রচার মোকাবিলার লক্ষ্যেই নতুন এ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোর্টালটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন জাতীয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে। বাহিনীর এ অবদান জনগণের সামনে তুলে ধরতে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিজিটাল যুগে গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় একটি দায়িত্বশীল তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি অনলাইন পোর্টাল নয়; এটি বাহিনীর মাঠপর্যায়ের সদস্যদের ত্যাগ, শ্রম ও সাফল্যের প্রতিচ্ছবি। অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সমন্বয়ে এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
তিনি জানান, দেশের ৪৭টি ব্যাটালিয়ন, ৫০ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য এবং গ্রাম ও নগর প্রতিরক্ষা দলের সদস্যদের ইতিবাচক কর্মকাণ্ড এ প্ল্যাটফর্মে তুলে ধরা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ বাহিনীর কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।



