রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে শুক্রবার এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। পল্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারণ উদ্ঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিম।
এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: জাকির হোসেন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা ও সুপারিশ প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারবে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বাসস



