রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো: শাকিল (২০)।
আজ শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শাকিল মোহাম্মদপুরের জিগাতলা শিবপুর টালি অফিস এলাকার সেকান্দার আলী মাতুব্বরের ছেলে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো: ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হলে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
এসআই ওয়াদুজ্জামান বলেন, কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।



