বাংলাদেশী হাজীদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বিমানমন্ত্রী আফরোজা খানমের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন
বিমানমন্ত্রী আফরোজা খানমের সাথে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন |সংগৃহীত

বাংলাদেশী হাজীদের হজের ব্যয় কমাতে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আফরোজা খানম বলেন, হজযাত্রার বিমান ভাড়ার ওপর সৌদি কর্তৃপক্ষের আরোপিত কর ও বিভিন্ন মাশুল কমানো হলে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশী হাজী উপকৃত হবেন। তিনি এ বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশী হাজীদের সেবার মান উন্নয়ন এবং হজকে আরো সাশ্রয়ী করতে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত ‘ক্যাটাগরি ডি’ আবাসন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশী হাজীদের আবাসন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে এ ব্যবস্থা পুনর্বহালের অনুরোধ জানান।

বৈঠক শেষে উভয়পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাসস