যাত্রাবাড়ীতে প্রতিবেশীর মারধরে তরুণ নিহত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল হাসপাতাল
ঢাকা মেডিক্যাল হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরের শিকার হয়ে রিফাত হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত হোসেন পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁনপুরা গ্রামের মোহাম্মদ হাসেম মৃধার ছেলে।

নিহতের বাবা মোহাম্মদ হাসেম মৃধা জানান, তারা যাত্রাবাড়ীর রায়েরবাগের খানবাড়িতে ভাড়া থাকেন। রিফাত স্থানীয় একটি কার্টন তৈরির কারখানায় কাজ করতেন। একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন শাকিল (২৬) নামে এক যুবক। রাত সাড়ে ৮টার দিকে বাসার পেছনে বসে ছিল রিফাত। এ সময় শাকিল নামে ওই যুবক রিফাতকে উদ্দেশ করে বলে, ‘কিরে বসে বসে গাঁজা খাস নাকি?’ এই কথা শুনে শাকিলকে বকাবকি করে রিফাত। এক পর্যায়ে শাকিল রিফাতকে মারধর শুরু করলে রিফাত অচেতন হয়ে পড়েন।

তিনি আরো জানান, রিফাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।