দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাঁচ দিনের সরকারি সফর শেষে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি পাঁচ দিনের সরকারি সফরে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (UNMISS) ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (UNISFA) পরিদর্শন শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেছেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌ-বাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন।
উভয় মিশন এলাকায় তিনি বাংলাদেশী শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
এছাড়া UNMISS ও UNISFA মিশনে নিয়োজিত বাংলাদেশী স্টাফ অফিসার, অবজারভার ও কন্টিনজেন্ট সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান UNMISS-এর ফোর্স কমান্ডার মেজর জেনারেল Junhui Wu এবং UNISFA-এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল Ganesh Kumar Shrestha-এর সাথে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এছাড়া তিনি আবেইতে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সাথেও সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে মিশনের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও আভিযানিক চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পরে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানের প্রতিরক্ষা মন্ত্রী Chol Thon Balok এবং প্রতিরক্ষা বাহিনী প্রধান General Santino Deng Wol-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশী শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও জাতিসঙ্ঘের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরো সুদৃঢ় করবে বলে আশা করা যায়। একইসাথে বাংলাদেশের জন্য শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণেও এটি সহায়ক ভূমিকা রাখবে।


