দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর পাগলায় চায় নাগরিক ঐক্য

সংগঠনটির দাবি, নয়াবাড়ী মৌজা উপজেলার এক প্রান্তে হওয়ায় বেশির ভাগ বাসিন্দাকে প্রশাসনিক সেবা নিতে ৩০ থেকে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যা নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত

নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক সদর দফতর ভৌগোলিক মধ্যস্থল পাগলা মৌজায় (পাগলা থানা-সংলগ্ন এলাকায়) স্থাপনের দাবি জানিয়েছে ‘দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্য’।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক মাহবুবুর রহমান ফুরকান লিখিত বক্তব্যে এ দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ জুলাই জাতীয় বাস্তবায়ন, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় কমিটির (নিকার) সভায় পাগলা থানার আওতাধীন মশাখালী, পাঁচবাগ, পাইথল, উস্তি, লংগাইর, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা অনুমোদন করা হয়। তবে পরে প্রকাশিত গেজেটে উপজেলার সদর দফতর হিসেবে উস্তি ইউনিয়নের নয়াবাড়ী মৌজার নাম উল্লেখ করা হয়।

সংগঠনটির দাবি, নয়াবাড়ী মৌজা উপজেলার এক প্রান্তে হওয়ায় বেশির ভাগ বাসিন্দাকে প্রশাসনিক সেবা নিতে ৩০ থেকে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, যা নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, পাগলা মৌজা উপজেলার আটটি ইউনিয়নের ভৌগোলিক মধ্যস্থলে অবস্থিত। সেখানে থানা ভবন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেলপথ, বড় বাজার, ব্যাংকিং সুবিধাসহ প্রয়োজনীয় অবকাঠামো আগে থেকেই রয়েছে। ফলে কম সময় ও কম ব্যয়ে সেখানে উপজেলা সদর দফতর স্থাপন সম্ভব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অস্থায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য পাগলা থানা-সংলগ্ন এলাকায় অন্তত ২০টি ভবন বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ দিতে স্থানীয়রা সম্মতি দিয়েছেন। এছাড়া স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমিও সরকারের নামে বিনামূল্যে হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন তারা।

সংগঠনের নেতাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চুর ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে গণশুনানি ছাড়াই জেলা ও উপজেলা প্রশাসন একপেশে প্রতিবেদন দিয়েছে।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি সদর দফতরের স্থান নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানানো হয়। একইসাথে দাবি বাস্তবায়ন না হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, নিগুয়ারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান, ব্যবসায়ী ও বিএনপি নেতা আবু সাঈদ, পাভেল ও শামীম হাসানসহ অন্যরা।