গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিক কাজ করছে : তথ্যমন্ত্রী

‘সদরদফতরের পাশাপাশি তথ্য অধিদফতরের আওতাধীন বিভাগীয় পর্যায়ে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে।’

নয়া দিগন্ত অনলাইন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন |ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি; তথ্য অধিদফতরের সদরদফতরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা (সার্বক্ষণিক) কর্মরত রয়েছে।

সোমবার (২২ জুন) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সরকারি দলের সদস্য মো: আবদুল মান্নানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, সারাদেশে অনলাইন সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো হলো– গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি; তথ্য অধিদফতরের সদরদফতরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কর্মরত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে এই কমিটির মাধ্যমে দ্রুততম সময়ে সরকারের পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করে ‘তথ্যবিবরণী’ এবং ‘প্রতিবাদলিপি’ সরকারি ও বেসরকারি সকল গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠানো হচ্ছে।

তিনি জানান, সদরদফতরের পাশাপাশি তথ্য অধিদফতরের আওতাধীন বিভাগীয় পর্যায়ে অবস্থিত আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ওপর নিবিড় নজরদারি করছে।

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে অধিদফতরের ফিচার শাখা থেকে নিয়মিত সচেতনতামূলক বিশেষ নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে। বাসস