বগুড়ায় সাংবাদিক গ্রেফতারের ঘটনায় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের উদ্বেগ ও নিন্দা

বগুড়ার সাংবাদিক মো: রেজানুর ইসলামকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল। সংগঠনটি এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাংবাদিক মো: রেজানুর ইসলামকে গ্রেফতারে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সাংবাদিক মো: রেজানুর ইসলামকে গ্রেফতারে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল |সংগৃহীত

বগুড়া থেকে প্রকাশিত অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো: রেজানুর ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।

আজ রোববার সংগঠনটির আহ্বায়ক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এক যৌথ বিবৃতিতে তারা উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন।

বিবৃতি তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ ক্ষুণ্ণ করার লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে কাউন্সিল মনে করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার এবং মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে করা মামলায় এই সম্পাদককে গ্রেফতার করা হয়।

তারা উল্লেখ করেন, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, এই মামলাটি করেছেন একজন সাংবাদিক। যার সাথে অভিযোগের কোনো সম্পৃক্ততা থাকার কথা নয়। আরো বিস্ময়ের ব্যাপার হলো, এমন একটি অস্বাভাবিক মামলায় নিম্ন আদালত অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির আগেই পুলিশ সরাসরি তাকে গ্রেফতার করেছে। আইনের এই প্রকার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে। এ ধরনের গ্রেফতারি তৎপরতা স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মনে ভীতি এবং সেলফ-সেন্সরশিপের জন্ম দেবে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক।

ন্যাশনাল এডিটরস কাউন্সিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানায়, গ্রেফতার হওয়া সম্পাদককে যাতে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়া হয়।

তারা আরো বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কণ্ঠরোধ করার যেকোনো অপচেষ্টাকে দেশের সম্পাদক ও সাংবাদিক সমাজ মেনে নেবে না। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দ্রুত ও সদ্বিবেচনামূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

ন্যাশনাল এডিটরস কাউন্সিল দেশের সব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর পেশাগত নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সবসময় সোচ্চার থাকবে এবং এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলেও বিবৃতি তারা উল্লেখ করেন।