বিমান বাংলাদেশের হজ-পরবর্তী কার্যক্রম সম্পন্ন

‘জাতীয় পতাকাবাহী সংস্থাটি হজ-পরবর্তী ১০৪টি বিশেষ ফ্লাইট পরিচালনা করে সৌদি আরব থেকে ৩২ হাজার ২৫৬ জন হাজীকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। এছাড়া হজের আগে ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হাজীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
দেশে ফিরছেন বাংলাদেশী হাজীরা
দেশে ফিরছেন বাংলাদেশী হাজীরা |সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে এবং সৌদি আরব থেকে বাংলাদেশী হাজীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ম্যানেজার আনন্দ সান্যাল জানান, জাতীয় পতাকাবাহী এ সংস্থা ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এ সময় তারা ২২০টি বিশেষ ও নিয়মিত ফ্লাইটের মাধ্যমে মোট ৭০ হাজার ৯৩৫ জন হজযাত্রী পরিবহন করেছে।

তিনি আরো জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসটি ১২টি নিয়মিত ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব থেকে আরো দুই হাজার ২০৮ জন হাজীকে দেশে ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থাটি হজ-পরবর্তী ১০৪টি বিশেষ ফ্লাইট পরিচালনা করে সৌদি আরব থেকে ৩২ হাজার ২৫৬ জন হাজীকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। এছাড়া হজের আগে ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হাজীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।

বিমানের কর্মকর্তা জানান, জাতীয় পতাকাবাহী এ সংস্থা হজ-পরবর্তী কার্যক্রমে নিরাপদ, সময়ানুবর্তী ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত ৩০ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা শুরু করে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজীদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানায়।

জাতীয় পতাকাবাহী সংস্থাটির প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৩৬ জেদ্দা থেকে হাজীদের নিয়ে ওই দিন সকাল ১০টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে চলতি বছরের হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বিমানবন্দরে হাজীদের স্বাগত জানান। বাসস

Topics