অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক

‘একটা ছুটির আবেদন কিংবা বেতন উত্তোলনের মতো সাধারণ কাজেও অনেক সময় কেরানিকে টাকা দিতে হয়। এখন থেকে কেউ কোনো অফিসে টাকা দেবেন না। যে কর্মকর্তা টাকা চাইবে, তার এখানে জায়গা হবে না এবং চাকরি করতে পারবে না।’

নয়া দিগন্ত অনলাইন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক |ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক বলেছেন, কোনো অফিসে সেবা নিতে গিয়ে কাউকে টাকা দিতে হবে না। কোনো কর্মকর্তা বা কর্মচারী ঘুষ দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘একটা ছুটির আবেদন কিংবা বেতন উত্তোলনের মতো সাধারণ কাজেও অনেক সময় কেরানিকে টাকা দিতে হয়। এখন থেকে কেউ কোনো অফিসে টাকা দেবেন না। যে কর্মকর্তা টাকা চাইবে, তার এখানে জায়গা হবে না এবং চাকরি করতে পারবে না।’

শুক্রবার (৮ মে) গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও আলিম মাদরাসা এবং কলেজ প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি, মন্ত্রী ও সংসদ সদস্য—সকলেই কোনো না কোনো শিক্ষকের ছাত্র। তাই শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে।

এ সময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানরাও উপস্থিত ছিলেন। বাসস