ইরানে হামলা

প্রবাসীদের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলী কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশীরা কী অবস্থায় আছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ইন্টারনেট

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশীদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলী কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশীরা কী অবস্থায় আছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।’

এদিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে, তাও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসীকল্যাণমন্ত্রীকে এই কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।’

এর আগে, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজে অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গব্যবস্থামন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘ভূমিকম্প পরবর্তী দুযোর্গ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প পরবর্তী দুযোগ মোকাবিলায় একটি কর্ম পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।’