আইজিপি

সেবা ও আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কাজ করছে ডিএমপি

‘বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। অপরাধের ধরন যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিকায়নের প্রয়োজন হচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
আইজিপি মো: আলী হোসেন ফকির
আইজিপি মো: আলী হোসেন ফকির |সংগৃহীত

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির বলেছেন, ঢাকা মহানগর পুলিশ প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নয়টি অ্যাপ-সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার মো: সরওয়ার, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সফটওয়্যার উদ্বোধন শুধু একটি আনুষ্ঠানিক কার্যক্রম নয়, বরং এটি আধুনিক ও জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ গড়ার লক্ষ্যে আমাদের একটি দৃঢ় পদক্ষেপ।

তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। অপরাধের ধরন যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষার কৌশলও প্রতিনিয়ত আধুনিকায়নের প্রয়োজন হচ্ছে।

এই বাস্তবতায় প্রযুক্তির কার্যকর ব্যবহার ছাড়া একটি আধুনিক পুলিশ বাহিনী কল্পনা করা যায় না। সেই উপলব্ধি থেকেই ঢাকা মহানগর পুলিশ প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান এবং আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বাসস