সংসদ লাইব্রেরিতে আরএফআইডি প্রযুক্তি চালুর সুপারিশ

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের অধীনে ইউএনডিপি’র সহযোগিতায় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন কার্যক্রমে ইন্ট্রানেট প্রযুক্তি চালুর বিষয়ে সুপারিশ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ ভবনে লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত
জাতীয় সংসদ ভবনে লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত |সংগৃহীত

জাতীয় সংসদ লাইব্রেরিতে বই ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি।

কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদ গ্রন্থাগারের কার্যক্রম আরো আধুনিক ও যুগোপযোগী করার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সংসদ গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত ‘সংসদ গ্রন্থাগার বুলেটিন’-এর মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়নের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সাঈদ আল নোমানকে আহ্বায়ক এবং এ বি এম মোশাররফ হোসেন ও মোহাম্মদ নাজিবুর রহমানকে সদস্য করা হয়েছে।

বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান এবং পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় সাব-কমিটি-১, ২, ৩ ও ৪-এর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের অধীনে ইউএনডিপি’র সহযোগিতায় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন কার্যক্রমে ইন্ট্রানেট প্রযুক্তি চালুর বিষয়ে সুপারিশ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, এ প্রযুক্তি চালু হলে সংসদের প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম আরো দক্ষ ও সমন্বিত হবে।

এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ আইন অনুযায়ী গঠিত পরিচালনা বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে সাব-কমিটি প্রণীত প্রতিবেদনও বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য কমিটির সদস্যরা স্পিকারের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), ডা: মো: মাহাবুবুর রহমান, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাসস