ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুন লেগে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনে ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে দগ্ধ অবস্থায় মো: আসিফ (১৪) ও মো: জিসান (২২)-কে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা তাদের ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, আগুনে দগ্ধ হয়ে দু’জন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে আসিফের শরীরের প্রায় ১৫ শতাংশ এবং জিসানের শরীরের প্রায় ২২ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরো জানান, আহত দু’জনই ওই কারখানার শ্রমিক এবং তারা ‘ফ্লেম বার্ন’-এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।


