হাফিজ উদ্দিন আহমদ

মাথা নুইয়ে নয়, নিজ নিজ ধর্মমতে স্পিকারকে সম্মান জানাবেন সংসদ সদস্যরা

রুলিংয়ে স্পিকার বলেন, ‘আমাদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) বিধি হতে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেয়া হয়েছে। সেহেতু সংসদ সদস্যবৃন্দ জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

নয়া দিগন্ত অনলাইন
সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম |সংগৃহীত

জাতীয় সংসদে সভাপতির (স্পিকার) প্রতি ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালি বিধিতে আর নেই বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বিষয়ে রুলিং দিয়ে স্পিকার বলেন, ‘গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান এবং ১৭ জুন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক পয়েন্ট অব অর্ডারে সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানানোর প্রচলিত রীতি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানো হবে বলে আমি তখন আশ্বস্ত করেছিলাম।’

স্পিকার আরো বলেন, কার্যপ্রণালি বিধির ২৬৭(১) অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ বা প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে, ২০০৬ সালে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেয়া হয়েছে।

তিনি জানান, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করে। পরে ২৬ সেপ্টেম্বর প্রতিবেদনটি সংসদে বিবেচিত ও গৃহীত হয়, যেখানে ২৬৭(১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।

রুলিংয়ে স্পিকার বলেন, ‘আমাদের কার্যপ্রণালি বিধির ২৬৭(১) বিধি হতে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেয়া হয়েছে। সেহেতু সংসদ সদস্যবৃন্দ জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’

এর মাধ্যমে জাতীয় সংসদে সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করা হয়েছে। সূত্র : বাসস