প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার মানুষকে লক্ষ্য করে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ পাঠিয়ে হয়রানি করছে। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যক্তিকে অপরাধমূলক কার্যকলাপে জড়িত দেখিয়ে জেল-জরিমানা ও শাস্তির ভয়ভীতি প্রদর্শন করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘আইন নিয়ন্ত্রণ বিভাগ’ বা ‘ক্রাইম ইউনিট সেল’ নামে কোনো বিভাগ, শাখা বা সেল নেই। এছাড়া মন্ত্রণালয় এ ধরনের আইনি নোটিশ প্রদান বা এমন কোনো কার্যক্রম পরিচালনা করে না।
প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ধরনের ভুয়া নোটিশ বা প্রতারণামূলক কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়া এবং কোনো আর্থিক লেনদেনে না জড়ানোর জন্য সকল নাগরিককে অনুরোধ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র : বাসস



