তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সাথে নিয়েই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। এর সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের পথরেখা তৈরি করা সম্ভব হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে এবং এ খাতের সংস্কারে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেয়া হবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।



