প্রতিমন্ত্রী নুরুল হক

প্রতিহিংসা নয়, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি করতে চাই

‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে।’

নয়া দিগন্ত অনলাইন
পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক
পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নুরুল হক |সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই সকলকে একসাথে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে।

তিনি বলেন, চরের জমিতে কৃষকরা যেন মালিক হয়, হাট-বাজার, লঞ্চঘাট, খেয়াঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন আমখোলা তরমুজের ঘাট ও হরিদেবপুর আমরা উন্মুক্ত করে দিয়েছি। কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা বা অনৈতিক সুবিধা নিতে না পারে, সে লক্ষ্য কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমার এলাকায় কোনো যুবক-তরুণ যেন বেকার না থাকে, তাদের কিভাবে কর্মে যুক্ত করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব।

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর উপজেলায় প্রথম আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। বাসস