দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সারাদেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশীয় পণ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম মাসেই প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এ সুবিধা পাবে।
তিনি আরো জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ সুবিধা সম্প্রসারণ করা হবে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেয়া হবে। ধনী-দরিদ্র বৈষম্য কমাতেও এটি ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে শিশুদের উদ্বুদ্ধ করা হবে। পলিথিনের ব্যবহার কমিয়ে ঐতিহ্যবাহী পাটপণ্যের ব্যবহার বাড়ানোর দিকেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



