ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংস্থাটির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে আগের ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার অবসরে যাওয়ার কারণে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে নজরুল ইসলাম দায়িত্ব নিয়েছেন।
ডিএমপি’র ডিসি (মিডিয়া) এন এম নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্টের পটপরিবর্তন পরবর্তী সময়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ডিএমপির অভ্যন্তরীণ কাঠামো যখন চরম অনিশ্চয়তা এবং মনস্তাত্ত্বিক সঙ্কটের মুখে পড়েছিল, ঠিক সেই মুহূর্তে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে আসেন নজরুল ইসলাম। মেট্রোপলিটন এলাকার বিপর্যস্ত পুলিশিং ব্যবস্থাকে পুনরায় সুসংগঠিত ও কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে তার কৌশলগত ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই সময় কেবল রাজধানীর অপরাধ দমনেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। মহানগর পুলিশের সদস্যদের বিপর্যস্ত মনোবল পুনর্গঠন, ইউনিটের চেইন অব কমান্ড বা সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ডিএমপির প্রতি নগরবাসীর আস্থা পুনরুদ্ধারের মতো জটিল ও সংবেদনশীল বিষয়গুলোতেও তিনি কার্যকর নেতৃত্ব প্রদান করেন। দৃশ্যমান উপস্থিতির বাইরেও দূরদর্শী নীতিগত সিদ্ধান্ত, ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং মাঠপর্যায়ে বাস্তবভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশৃঙ্খল কাঠামোকে ধাপে ধাপে পুনরায় সক্রিয় করে তোলেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার দীর্ঘ পেশাদার অভিজ্ঞতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তবধর্মী নেতৃত্ব ডিএমপিকে আগামী দিনে আরো আধুনিক, জবাবদিহিমূলক ও নগরবাসীর জন্য একটি আস্থার জায়গা হিসেবে এগিয়ে নিতে সহায়ক হবে।



