অপতথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করার আহ্বান তথ্য সচিবের

তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য এবং সত্যতা জেনে খবর দেবেন।

নয়া দিগন্ত অনলাইন
বিএসআরএফ ফল উৎসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা
বিএসআরএফ ফল উৎসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা |ইউএনবি

ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

আজ রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ তিনি এ কথা বলেন।

তথ্য সচিব বলেন, ‘একটা বিষয় আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য- এগুলোতে সয়লাব হয়ে আছে ফেসবুক। প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা খুব কমে গেছে, সেটা দিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।’

সাংবাদিকতা একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সাথে আরো অনেক মানুষ থাকা উচিত। আমাদেরও আপনাদের প্রতি আরো বেশি নজর দেয়া উচিত। আশা করব, এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমি সবাইকে বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হন।

সচিব বলেন, তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য এবং সত্যতা জেনে খবর দেবেন।

তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুয়েকটি পত্রিকায় যে সংবাদ আসছে, সেগুলো অপতথ্য এবং মিথ্যা তথ্যের সামিল বলেও এ সময় মন্তব্য করেন সচিব মাহবুবা ফারজানা।

তিনি বলেন, এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি কিছু মনে হয়, আমাদের কাছে এসে একটু যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই মতামতগুলো দেবেন। যদি এমন হয় সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমার সাথে কথা বলবেন, আপনাদের নেতাদের সাথে কথা বলবেন।

ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

ফল উৎসবে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল, ডিআরইউএর সাবেক সভাপতি ও বিএসআরএফের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি তপন বিশ্বাস ও ফসিহ উদ্দিন মাহতাবসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি