আগামী অর্থবছরের জাতীয় বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য এক হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বিমান পরিবহন খাতের আধুনিকায়ন ও পর্যটননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, একটি আধুনিক, দক্ষ এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক বিমান পরিবহন শিল্প গড়ে তুলতে সমন্বিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে যশোর ও সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনাল সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রস্তুত।
কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।
আমির খসরু বলেন, এসব প্রকল্প সারাদেশে বিমানবন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং যাত্রীসেবার মান উন্নত করবে। যাত্রীদের সুবিধা ও সেবার মান বাড়াতে শাহজালাল বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ওয়াইফাই নেটওয়ার্কের আওতা সম্প্রসারিত করা হয়েছে।
তিনি বলেন, একটি নিরাপদ, দক্ষ ও প্রতিযোগিতামূলক বিমান চলাচল খাত গড়ে তোলার লক্ষ্যে সরকার একযোগে যাত্রীসেবার আধুনিকীকরণ, কার্গো ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, বিমান চলাচলের নিরাপত্তা মান উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে কাজ করছে। বাসস



