বিরোধী দলের গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাব : স্পিকার

এখনো আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

নয়া দিগন্ত অনলাইন
স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম |ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি দল বাজেট দেবে, বিরোধী দল সামালোচনা করবে। বিরোধী দলের এই গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাব। 

তিনি বলেন, আমি দেখব, সংসদে বিরোধী দল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি। এখনো আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধী দল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে।

মঙ্গলবার (২৬ মে) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

স্পিকার আশা প্রকাশ করে বলেন, সহযোগিতার মনোভাব প্রথম অধিবেশনে দেখতে পেয়েছি। সামনের বাজেট অধিবেশনেও আশা করি সেটি দেখতে পাব। আমার ধারণা, এখন পর্যন্ত এই জাতীয় সংসদ জনগণের আশা পূরণে সক্ষম হয়েছে। আগামী দিনগুলোতে তারা আরো ভালো ভূমিকা রাখতে পারবে। দেশবাসীর এই সংসদে নিয়ে যে আশা আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য প্রত্যেক সংসদ সদস্য উদ্যোগী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ঈদ উপলক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চার দিনের সফরে মঙ্গলবার দুপুরে নিজ জেলা ভোলায় আসেন। তার নির্বাচনী এলাকা লালমোহন যাওয়ার আগে ভোলা সার্টিক হাউজে তিনি যাত্রা বিরতি করেন। 

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা: শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো: শহিদুল্যাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস