বিশ্বব্যাপী মানবিক সঙ্কট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে।
একই দিনে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা, সঙ্ঘাত প্রতিরোধ এবং সঙ্ঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন।
তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশী নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রশংসা করেন এবং শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি সঙ্ঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মানবিক অর্থায়নের ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।
রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তনের আহ্বান জানান।
আগামী ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের হাই-লেভেল প্যানেল ডিসকাশন-২-এ অংশ নেবেন এবং একই দিনে জাতিসঙ্ঘ সদর দফতরে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।



