একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় ডা: শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুস্তাফা মনোয়ার। বিশেষ করে চিত্রকলা এবং শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তার অনন্য ও কিংবদন্তিতুল্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি আরো বলেন, সৃজনশীল কর্মের মাধ্যমে মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি ও শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় জামায়াত আমির মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমকে ক্ষমা ও শান্তি দান করেন এবং তার পরিবারকে এ শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করেন।



