তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে ওনাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টাল শিল্পকে টিকিয়ে রাখা ও গণমাধ্যমের বিকাশের স্বার্থে যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন।

নয়া দিগন্ত অনলাইন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

রোববার সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে ওনাব-এর আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে ওনাব নেতৃবৃন্দ অনলাইন নিউজ পোর্টালের রেজিস্ট্রেশন নবায়ন ফি-সহ বিভিন্ন বিদ্যমান সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন। প্রতিবছর রেজিস্ট্রেশন নবায়ন প্রথা বাতিল, নিবন্ধনবিহীন অনলাইন পোর্টালের কার্যক্রম বন্ধ এবং নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি পেশ করেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টাল শিল্পকে টিকিয়ে রাখা ও গণমাধ্যমের বিকাশের স্বার্থে যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ওনাবের সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন ও অয়ন আহমেদ।