বাংলাদেশ নৌ-বাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
আজ সোমবার চট্টগ্রামে এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন।
বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌ-প্রধান (অপারেশন্স) এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও কমিশনের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর পরিচালক, কমিশনের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কূটনৈতিকবৃন্দ, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ বাণিজ্যিক ও অন্যান্য সমুদ্রগামী জাহাজের নিরাপদ নেভিগেশন নিশ্চিত করবে, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে এবং সুনীল অর্থনীতি ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশসমূহ তাদের হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে। পাশাপাশি উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
২০০২ সালে প্রতিষ্ঠিত ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ১৫টি আঞ্চলিক কমিশনের একটি। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এর কার্যক্রম পরিচালিত হয়। এ সম্মেলনে সদস্য রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অংশ নেয়।
সহযোগী রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সেশেলস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেন।
এছাড়া পর্যবেক্ষক দেশ রাশিয়া, মালয়েশিয়া ও সুদানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং হাইড্রোগ্রাফিক সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশগ্রহণ করে।
উল্লেখ্য, বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।



