দেশে ফিরেছেন ৭০৯৪৩ হাজী

হজ শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৭০,৯৪৩ জন বাংলাদেশি হাজী দেশে ফিরেছেন; ফিরতি ফ্লাইট চলছে এবং ১ জুলাই পর্যন্ত চলবে।

নয়া দিগন্ত অনলাইন
সৌদি আরব থেকে মোট ৭০ হাজার ৯৪৩ জন বাংলাদেশী হাজী দেশে ফিরেছেন
সৌদি আরব থেকে মোট ৭০ হাজার ৯৪৩ জন বাংলাদেশী হাজী দেশে ফিরেছেন |সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৭০ হাজার ৯৪৩ জন বাংলাদেশী হাজী দেশে ফিরেছেন।

আজ রোববার হজ অফিসের এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ১৯৬টি ফিরতি ফ্লাইটে এসব হাজী দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদিয়া এয়ারলাইন্স ৬৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬৬ হাজার ৪৮৪ জন হাজী দেশে ফিরেছেন।

বিমান সংস্থার তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি ফ্লাইটে ৩২ হাজার ৮৮৪ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৬৬টি ফ্লাইটে ২৪ হাজার ২৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৬১৬ জন হাজি দেশে এসেছেন এবং অন্যান্য বিমান সংস্থার মাধ্যমে ৪ হাজার ২০০ হাজী দেশে ফিরেছেন।

বাকি হাজীরা পর্যায়ক্রমে নির্দিষ্ট বিমানসংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরবেন বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে, হজের মৌসুমে সৌদি আরবে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারীসহ ৫৫ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৭ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে মোট ৪১৫ জন হাজী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন হাজী হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৭ হাজার ১৩৩ জন হাজীকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৩৪ জন হাজীকে বিভিন্ন সেবা প্রদান করেছে।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

সূত্র : বাসস

Topics