ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এ অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানার সামনে পুলিশের গুলিতে নিহত মো: রায়হান হোসেনের বাবা মো: মোজাম্মেল হক।

পরে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অধিবেশনে কেন্দ্রের ষাণ্মাসিক রিপোর্ট পর্যালোচনা, জেলা সংগঠনের সেটআপ অনুমোদন, ক্যাম্পাস পরিস্থিতি মূল্যায়ন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ এবং আগামী দিনের করণীয় নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় কেন্দ্রীয় সভাপতি ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের উপ-নির্বাচনে নির্বাচিত ১২ সদস্যের নাম ঘোষণা করেন। পাশাপাশি কার্যকরী পরিষদের সদস্যদের পরামর্শক্রমে আরো একজন সদস্যকে মনোনয়ন দেন। পরে নব-নির্বাচিত ও নব-মনোনীত সদস্যদের শপথবাক্য পাঠ করান তিনি।

সমাপনী অধিবেশনে নূরুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, আদর্শিক ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, তাকওয়া ও আমানতদারিতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ সৃষ্টি হয়েছে এবং জনগণের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার সম্ভব হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করার আহবান জানান তিনি।

অধিবেশনের সমাপনীতে বিদায়ী কার্যকরী পরিষদের সদস্যদের বক্তব্য, কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি এবং ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, এমপি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।