তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না : ত্রাণমন্ত্রী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ জনপদ বন্যা, খরা ও ভাঙন থেকে রক্ষা পাবে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু |সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ জনপদ বন্যা, খরা ও ভাঙন থেকে রক্ষা পাবে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার (২ জুলাই) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা কামনা ও জাতীয় সংসদে তিস্তা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার, এ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত একটি আন্তঃসীমান্ত নদী। এটি কেবল একটি প্রাকৃতিক ‘জলধারা’ নয়, বরং কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য এবং আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি।

এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বাসস