নগরবাসীর সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘণ্টা সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম।
তিনি বলেন, জনসেবাই সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সিটি কর্পোরেশনের কাজ মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের গতি এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হয়। তাই আমাদের সর্বদা মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে।’
তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বর্তমান সরকারের দিকনির্দেশনা অনুসরণ করে ডিএসসিসি নগরবাসীকে উন্নত সেবা দিতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
নববর্ষ উপলক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও তিলোত্তমা ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আবদুস সালাম বলেন, এই বর্ষবরণ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত করা হচ্ছে। শেকড়ের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে বাঙালি সংস্কৃতির বিকাশ আরো ত্বরান্বিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে ডিএসসিসি পরিচালিত ১২টি সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
উৎসবমুখর পরিবেশ, বর্ণিল সাজসজ্জা এবং লোকজ ঐতিহ্যের আবহে আহসান মঞ্জিল প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত নববর্ষ উদযাপনের কেন্দ্রস্থলে।



