রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাদের ভর্তি করেন।
দগ্ধরা হলেন মোহাম্মদ শাহিন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগ্নি আপছা (৮)। চিকিৎসকদের ভাষ্য, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ জসিম জানান, শাহিন একটি দোকানের কর্মচারী। তিনি পরিবার নিয়ে নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে গ্যাসলাইন লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে শাহিনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং শিশু আপছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।



