ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। আর আগামী ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এই তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৬ অনুযায়ী নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র জমা থেকে ভোটগ্রহণ সবই রিটার্নিং অফিসারের অফিস কক্ষ, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় হবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২২ থেকে ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৬ এপ্রিল সকাল ৯টা হতে বিকেল ৪টা। এছাড়া আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল বেলা ১১টা হতে শেষ না হওয়া পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত।



