হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

এ সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম ও দুরাবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাদের অভিযোগগুলো শুনেন। পাশাপাশি হাসপাতালটির চিকিৎসক ও জনবল সঙ্কট, নোংরা পরিবেশ এবং রোগীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন।

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |নয়া দিগন্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন শনিবার (২৯ আগস্ট) হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন।

হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন।

এ সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম ও দুরাবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাদের অভিযোগগুলো শুনেন। পাশাপাশি হাসপাতালটির চিকিৎসক ও জনবল সঙ্কট, নোংরা পরিবেশ এবং রোগীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন ৷

তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে এবং দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।

এদিকে, হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেয়া হয়।