থানায় মামলা-জিডি করতে হয়রানি রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (ফাইল ফটো)
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (ফাইল ফটো) |সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফৌজদারি বিচারপ্রার্থী নাগরিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে থানায় অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ সৃষ্টি করা সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার।

তিনি বলেন, দেশের সব থানার ডিউটি অফিসারের কক্ষ ও থানা প্রাঙ্গণ পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে থানার কার্যক্রম আরো স্বচ্ছভাবে মনিটরিং করা যায়।

তিনি আরো বলেন, বর্তমানে দেশের সব থানায় অনলাইনে সাধারণ ডায়েরির (জিডি) আবেদন গ্রহণ ও সেবা প্রদান কার্যক্রম চালু রয়েছে। এর ফলে নাগরিকরা থানায় না গিয়ে সহজে ও হয়রানিমুক্তভাবে জিডি করতে পারছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনলাইন সিস্টেমে কোনো অভিযোগ ধর্তব্য অপরাধ হিসেবে চিহ্নিত হলে অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে জানানো হয় এবং প্রয়োজনীয় তথ্যসহ থানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়। পরবর্তী সময়ে এসব তথ্যে ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সক্ষমতা আরো বাড়ানো হবে, যাতে নাগরিকরা দ্রুত ও সহজে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারেন। বাসস