শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ও এমন আন্দোলনের এমন প্রবনতা দেখা গিয়েছিল। অনেক অছাত্রও আন্দোলনে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে নিয়ে তার সমাধান দিয়েছে। এরপর যা হচ্ছে, সেটা শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই, সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন মহলের চেষ্টা থাকতে পারে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন এটাতো আমরাও চাই। আইনিভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



