রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সৌমেন সাহাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিংমলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সাথে ব্যবসায়িক কারণে পরিচিত হয় অভিযুক্ত সৌমেন সাহার। করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালের সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেন। পরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে ব্যবসায় পার্টনার বানানোর প্রতিশ্রুতি দিয়ে চার কোটি ৩০ লাখ টাকা নেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সৌমেন সাহা এভাবে বিভিন্ন সময়ে নগদ টাকা ও চেকের মাধ্যমে ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন। বিনিয়োগের পর সৌমেন সাহা ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীকে ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা করে। ভুক্তভোগী পুনরায় হিসাব দাবি করলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গুলশান থানায় একটি মামলা দায়ের করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস



