ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিমান বাহিনীর সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সফলতার সাথে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সকল সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করবে।
এছাড়াও এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত সি-১৩০ হ্যাঙ্গারে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানবাহিনী প্রধান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোটের লক্ষ্যে প্রস্তুত রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও পরিবহন বিমান। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য ইন এইউ টু সিভিল পাওয়ারে আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে। মাঠ পর্যায়ে ১২৫০ জন সদস্য আগামী ৬-১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত (মোট ১১ দিন) মোতায়েন থাকবে যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
এছাড়াও, নির্বাচন কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ এবং বিমান বাহিনী সদর দফতর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



