শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ১২ মার্চ থেকে। এবারের অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫ টি। অধ্যাদেশ ছিল ১৩৩ টি, অধ‌্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে ৯১ টি। প্রথম অধিবেশনের শেষ দিন ২ টি বিলসহ মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এ অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে।

সংসদ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৫তম দিনে শেষ হয়েছে। গত ১২মার্চ শুরু হওয়া জাতীয় সংসদে প্রথম অধিবেশন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

সংসদে অধিবেশনে বিকেলের অংশে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সকালে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল।

সংসদ পরিচালনায় সরকার ও বিরোধী দলের সহযোগীতায় ধন্যবাদ জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৮ বছর পর জনগণের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বতস্ফূর্ত অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ‌্যমে আমরা এ মহান সংসদে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। তাই এই অধিবেশন ছিল বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ১২ মার্চ থেকে। এবারের অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫ টি। অধ্যাদেশ ছিল ১৩৩ টি, অধ‌্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে ৯১ টি। প্রথম অধিবেশনের শেষ দিন ২ টি বিলসহ মোট ৯৪টি বিল পাশ হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এ অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ জানান, ‘কার্যপ্রণালী-বিধির ৬২ বিধিতে ১৬ টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ২ টির উপর আলোচনা হয়েছে। ৬৮ বিধিতে ৯ টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে ১ টি নোটিশের উপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। ৭১ বিধিতে গৃহীত ৩৮টি নোটিশের ওপর আলোচনা হয়েছে এবং ৭১ ক বিধিতে দুই মিনিট করে বক্তব‌্য দেয়া হয়েছে ২০৭ বার।’

তিনি বলেন, ১৬৪ বিধিতে ১৪ টি নোটিশের মধ‌্যে ১ টি গৃহীত হয়েছে এবং উহা বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হয়েছে। ২৬৬ বিধিতে ৩ টি নোটিশ পাওয়া যায় উহার পরিপ্রেক্ষিতে ২টি বিশেষ কমিটি গঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সংসদ পরিচালনায় সরকার ও বিরোধী দলের সকল সদস্যের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এ সংসদে মোট ২২০ জন সদস‌্য প্রথমবার সংসদ-সদস‌্য হয়েছেন। এরপরেও আপনাদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণ আমাকে মুগ্ধ করেছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের মানবতাবিরোধী অপরাধ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা এবং আইনের শাসন সুসংহত করাও আমাদের অঙ্গীকার। আমরা নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে কাজ করছি। একই সঙ্গে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।