মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রফতানি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, রফতানির মাধ্যমে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ ও শক্তিশালী হবে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
আজ রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ (ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম) রফতানি কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতকে রফতানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। তার দূরদর্শী নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রফতানিমুখী খাতে পরিণত হবে।
তিনি আরো বলেন, আজকের এই রফতানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের রফতানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রফতানি করতে সক্ষম হয়, তখন তা দেশের সক্ষমতারই প্রতিফলন। এটি শুধু একটি বাণিজ্যিক কার্যক্রমই নয়, বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাণিসম্পদ অধিদফতর একটি রফতানিমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি প্যারেন্ট হ্যাচিং এগস রফতানি করছে। রফতানিকৃত এ চালানের মূল্য ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার। রফতানিকৃত ডিমগুলো ‘রস ৩০৮ ব্রয়লার’ (প্যারেন্ট হ্যাচিং এগস) জাতের।
বর্তমান সরকারের সময়ে এটাই প্রথম হ্যাচিং এগ রফতানি চালান।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক ডা: সাখাওয়াত হোসেন, উপপরিচালক ডা: শারমিন সামাদ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ ডা: মোহাম্মদ ওমর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জিশান হাসান, কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা (পোলট্রি ব্যবসা) গাজী এম শামসুদ্দিন ও মহাব্যবস্থাপক (বিক্রয়) আবু কাউসার মো: সালেহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



