পরিচালনা পর্ষদ পুনর্গঠন

বিমানের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ ও বিমানের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী এ নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রুমি এ হোসেন
রুমি এ হোসেন |সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসি’র বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ ও বিমানের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী এ নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো: হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)। বাসস