বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনুষ্ঠান শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং চৌকষ প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং দর্শকদের মুগ্ধ করে।

নিজস্ব প্রতিবেদক
বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৬এ এবং এসপিএসএসসি-২০২৬এ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন)-২০২৬ যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাহসিন আহম্মেদ কোরাইশী ‘সোর্ড অব অনার’ অর্জন করেন। উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে অফিসার ক্যাডেট আদনান হক লাভ করেন ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’। জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস ট্রফি’ এবং গ্রাউন্ড ব্রাঞ্চে সেরা পারফরম্যান্সের জন্য ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ অর্জন করেন অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী। এ ছাড়া বীর উত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসাথে তিনি কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, তাদের অবদানের ভিত্তিতেই আজকের আধুনিক ও সুসজ্জিত বাংলাদেশ বিমান বাহিনীর বিকাশ সম্ভব হয়েছে।

তিনি বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, সেনা ও নৌবাহিনীকে সহায়তা এবং আর্তমানবতার সেবায় বাংলাদেশ বিমান বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবর্তিত জাতীয় পরিস্থিতিতে বিমানবন্দরগুলোর কার্যক্রম সচল ও নিরাপদ রাখতে বিমান বাহিনীর সদস্যদের ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এবারের কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। আনুষ্ঠানিক কুচকাওয়াজে নেতৃত্ব দেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী।

অনুষ্ঠান শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং চৌকষ প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং দর্শকদের মুগ্ধ করে।

কুচকাওয়াজে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।