গত ২৬ মে অনুষ্ঠিত চলতি বছরের হজ শেষ করে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৪৯ হাজার ৯৮২ জন বাংলাদেশী হাজী দেশে ফিরেছেন।
এক কর্মকর্তা জানান, ‘তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১১৬টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০টি, সৌদিয়া এয়ারলাইনস ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।’
হজ অফিস জানিয়েছে, এ পর্যন্ত ১১৬টি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ২৮৯ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৬৯৩ জন হাজী দেশে ফিরেছেন।
চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৯ জন বাংলাদেশী হজযাত্রী (৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী) ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১৩ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এছাড়া, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪০১ জন হাজী চিকিৎসা নিয়েছেন এবং ২৫ জন হাজী হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের মেডিক্যাল সেন্টারগুলো ৬১ হাজার ৪৭৩ জনকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৩১৫ জন হাজীকে সেবা প্রদান করেছে।
চলতি বছরের হজ কার্যক্রম গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়।
ফিরতি হজ ফ্লাইট গত ৩০ মে শুরু হয়েছে এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। বাসস


