বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় পরিচিতি ও সফট পাওয়ারের কৌশলগত গুরুত্ব তুলে ধরেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক হিসাবের ওপরই নির্ভর করে না, বরং একটি দেশের সাংস্কৃতিক পরিচয়, মূল্যবোধ ও আন্তর্জাতিক ভাবমূর্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
শনিবার (১৩ জুন) প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬’-এর ‘বিষয়ভিত্তিক তিন : নতুন পর্যায়- সরকারি নীতি, এআই, সৃজনশীল শিল্প এবং খেলাধুলা’ শীর্ষক প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ।
এ সময় আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, বাংলাদেশের সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র, ঐতিহ্য ও সৃজনশীল শিল্প আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে এবং দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের অন্যতম প্রধান খাত। বাংলাদেশ তার সাংস্কৃতিক সম্পদকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে।
তিনি আন্তর্জাতিক অংশীদার ও বিনিয়োগকারীদের বাংলাদেশের সৃজনশীল শিল্প, সাংস্কৃতিক পর্যটন ও যৌথ উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং সৃজনশীল ও ক্রীড়া খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাসস



