জন্মাষ্টমীর শোভাযাত্রায় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ ডিএমপির

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলাকালীন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) উপলক্ষে আগামীকাল শুক্রবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক রুটে চলাচলকারী সব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসাথে শোভাযাত্রা ঘিরে ৯ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলাকালীন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

শোভাযাত্রার রুট জানিয়ে বলা হয়, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার ও গুলিস্তান মোড় থেকে নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত।

যা আছে নির্দেশনায় :-

১. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।

২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

৩. অংশগ্রহণে ইচ্ছুকদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে। কোনোভাবেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেয়া যাবে না।

৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না।

৫. শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোড়া যাবে না।

৬. শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৭. সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করতে হবে।

৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করার পাশাপাশি শোভাযাত্রা চলাকালীন নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তার এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। সনাতন ধর্মাবলম্বীরা দিনটিকে বিভিন্ন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করে থাকেন।