তথ্যমন্ত্রী

জনতুষ্টিবাদ নয়, দীর্ঘমেয়াদে সুশাসন সরকারের দায়িত্ব

তথ্যমন্ত্রী বলেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় সরকারকে বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাই জনতুষ্টিবাদী সিদ্ধান্তের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

নয়া দিগন্ত অনলাইন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন |সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, বরং দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখাই সরকারের মূল দায়িত্ব।

সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দফতরে ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রোববার রাতে ঈদের ছুটি শেষে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরে দাম বাড়লেও বাংলাদেশ সরকার তা ধরে রেখেছিল। আমদানিনির্ভর দেশ হিসেবে সঙ্কট মোকাবিলায় অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শে কাজ করছে।

তিনি বলেন, আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় সরকারকে বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হয়। তাই জনতুষ্টিবাদী সিদ্ধান্তের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।

মন্ত্রী আরো জানান, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখসহ জাতীয় অনুষ্ঠানগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি আস্থার প্রতিফলন। সংবাদপত্রের সম্পাদক ও মালিকরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে জানিয়েছেন, তারা নিয়ন্ত্রণহীনভাবে সাংবাদিকতা করছেন এবং কোনো চাপের মুখে পড়েননি।

আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। গণমাধ্যমের কাজ হলো সবকিছু জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা, আর সেই কাজে সহযোগিতা করাই রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

তিনি জোর দিয়ে বলেন, সরকার জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাসী। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানি করা হবে না। সব মামলা দেশের প্রচলিত আইন অনুযায়ীই চলবে।