দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

সাক্ষ্য প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন আদালত।

নয়া দিগন্ত অনলাইন
দুদক
দুদক |ইন্টারনেট

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াকে খালাস দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা দেন। সাক্ষ্য প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন আদালত।

আদালতের পেশকার রিপন দে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৯ সালের ২০ জুন দুদকের সহকারী পরিচালক মো: আবদুল ওয়াদুদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ। ২০২৩ সালের ২৪ আগস্ট সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে তিনি এক কোটি নয় লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এরপর অনুসন্ধানে তার নামে চার কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পায় দুদক। এর মধ্যে তিনি এক কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।

সূত্র : বাসস